ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি

দীর্ঘ প্রতিক্ষা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২১৩টি আসনের বেসরকারি ফলাফলে ১৬৫টিতে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র ফুটে ওঠে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৪৫টি আসনে জয়ী হয়েছে। বাকি দুটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলের প্রার্থীরা। ফলে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট এখন বিএনপির হাতে।
গতকালের নির্বাচনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নতুন সরকার নির্বাচনের এক ব্যাপক উৎসাহ দেখা দেয়। নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটাররা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। বিএনপির এই বিপুল বিজয়কে দলটির শীর্ষ নেতারা ‘জনগণের বিজয়’ বলে অভিহিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষক ড. সাখাওয়াত হোসেনের মতে, “এই ফলাফল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়। ১৫ বছর পর বিএনপি ক্ষমতায় ফিরছে, যা দলটির জন্য যেমন বড় সুযোগ, তেমনি চ্যালেঞ্জও।”
নতুন সরকার গঠনের পথে থাকা বিএনপিকে এখন মোকাবিলা করতে হবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও প্রশাসনিক সংস্কারের মতো বড় কাজগুলো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে নতুন সরকারের প্রধান পরীক্ষা।











