নিরঙ্কুশ জয়ের পর বিএনপিকে চীনের উষ্ণ অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং বিএনপিকে এই অভিনন্দন জানায়।
ভোটের ফল ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলের নজর যখন ঢাকার দিকে, ঠিক তখনই বেইজিংয়ের এই বার্তা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
চীনা দূতাবাসের ওই পোস্টে বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন।” বার্তায় কেবল অভিনন্দন জানিয়েই ক্ষান্ত থাকেনি বেইজিং; বরং আগামীর পথচলায় বন্ধুত্বের এক নতুন রূপরেখা তুলে ধরেছে। এতে আরও উল্লেখ করা হয়, “আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন, যেখানে বিএনপি বড় ব্যবধানে জয়ের পথে রয়েছে। গত রাতের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২১৩টি আসনের মধ্যে ১৬৫টিতেই জয় নিশ্চিত করেছে ধানের শীষের প্রার্থীরা। বেইজিংয়ের এই তড়িৎ অভিনন্দন বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার রদবদল ঘটলেও উন্নয়নের অংশীদার হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত থাকছে।
বিশ্লেষকদের মতে, বিএনপি সরকারের আমলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য কেমন হবে, তা নিয়ে যে অস্পষ্টতা ছিল, দূতাবাসের এই বার্তায় তার একটি ইতিবাচক সংকেত পাওয়া গেল। বিশেষ করে ‘নতুন অধ্যায় লেখার’ ঘোষণাটি ইঙ্গিত দেয় যে, বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বেইজিং।











