স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ: ‘কেন এই দেশ ও কেন এই বিশ্ববিদ্যালয়’ প্রশ্নের কৌশলগত উত্তর

স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ মুখোমুখি হওয়ার সময় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম প্রধান এবং কমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ইন্টারভিউ বোর্ডে ভিসা অফিসার প্রায় প্রতিটা আবেদনকারীকেই প্রশ্ন করেন ‘কেন আপনি এই নির্দিষ্ট দেশটি বেছে নিলেন এবং কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান?’ আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, এই প্রশ্নের একটি ভুল বা সাধারণমানের উত্তর আপনার কাঙ্ক্ষিত ভিসা পাওয়ার সম্ভাবনা এক নিমেষে নষ্ট করে দিতে পারে।
এই প্রশ্নের পেছনে ভিসা অফিশিয়ালদের মূল উদ্দেশ্য থাকে শিক্ষার্থী একাডেমিক উদ্দেশ্য ও ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে কতটা স্পষ্ট ও সত্যবাদী।
ভিসা অফিসারদের প্রধান লক্ষ্য থাকে একজন আবেদনকারীর আসল উদ্দেশ্য জানা। আপনি কি সত্যিই সেখানে কেবল পড়াশোনা করতে যাচ্ছেন, নাকি ভিসা পাওয়ার অন্য কোনো গোপন উদ্দেশ্য রয়েছে সেটি তারা যাচাই করতে চান। এই প্রশ্নের মাধ্যমে আপনার গবেষণার গভীরতা প্রকাশ পায়।
যদি আপনার উত্তর খুব সাধারণ হয়, যেমন “এই দেশটি খুব সুন্দর” অথবা “বিশ্ববিদ্যালয়টি র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে” তবে এতে ভিসা অফিসার সন্তুষ্ট হন না। তারা জানতে চান কেন অন্যান্য দেশের বা আপনার নিজের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে এই নির্দিষ্ট প্রতিষ্ঠান ও দেশটি আপনার উচ্চশিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই অংশের উত্তরে কখনোই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, জীবনযাত্রার মান কিংবা পার্টটাইম কাজের সুবিধার কথা আনবেন না। এর পরিবর্তে ওই দেশের শিক্ষা ব্যবস্থার বৈশ্বিক মান এবং আপনার বেছে নেওয়া বিষয়ের ওপর তাদের বিশেষ দক্ষতার কথা তুলে ধরুন।
উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন কেন আপনার নির্বাচিত বিষয়টির ওপর সংশ্লিষ্ট দেশটি গবেষণা ও প্রযুক্তিতে অনন্য। আপনার নিজের দেশে কেন একই মানের বা একই কাঠামোর উচ্চশিক্ষা পাওয়ার সুযোগ সীমিত, তা যুক্তিসঙ্গতভাবে তুলে ধরাই হলো স্মার্ট কৌশল।
স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় ‘কেন এই বিশ্ববিদ্যালয়’ প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানের গাদাগাঁদা ইতিহাস বা সাধারণ র্যাঙ্কিং রিডিং দেওয়া বন্ধ করতে হবে। আপনাকে উত্তর দিতে হবে নির্দিষ্ট কোর্স কারিকুলাম, বিশেষ প্রজেক্ট এবং সেখানকার অধ্যাপকদের সাম্প্রতিক কাজ নিয়ে।
বিশ্ববিদ্যালয়টির কোনো বিশেষ প্রফেসর যদি আপনার গবেষণার ক্ষেত্রের সঙ্গে মিল রাখেন, তবে তার নাম ও গবেষণার কথা উল্লেখ করুন। কোর্সের নির্দিষ্ট কিছু ক্রেডিট বা ল্যাব ফাসিলিটি যা আপনাকে আকৃষ্ট করেছে, সেটি স্পষ্টভাষায় সাবলীলভাবে বলুন। এটি প্রমাণ করে যে আপনি দীর্ঘ সময় নিয়ে বুঝে-শুনে আবেদনটি করেছেন।











