সিঙ্গাপুর গভর্নমেন্ট স্কলারশিপ: ব্যাচেলর শেষে সরাসরি ফুল-ফান্ডেড পিএইচডি পাওয়ার সুবর্ণ সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সিঙ্গাপুর গভর্নমেন্ট স্কলারশিপ (SINGA) এবং হংকংয়ের HKPFS হলো এশিয়ার অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ শিক্ষা বৃত্তি, যা ব্যাচেলর বা অনার্স শেষেই সরাসরি ফুল-ফান্ডেড পিএইচডি (PhD) করার অবারিত সুযোগ তৈরি করে দেয়। সাধারণত মাস্টার্স ডিগ্রি ছাড়া ডক্টরেট প্রোগ্রামে ভর্তি হওয়া বেশ কঠিন হলেও, এই বিশেষ সরকারি স্কলারশিপের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা কোনো মাস্টার্স ডিগ্রি ছাড়াই সরাসরি গবেষণায় যুক্ত হতে পারেন। শুধু তা-ই নয়, টিউশন ফি মওকুফের পাশাপাশি এতে মিলবে মাসিক মোটা অঙ্কের স্টাইপেন্ড, যা একজন গবেষকের সব চিন্তা দূর করে গবেষণায় মনোযোগ দিতে সাহায্য করে।
এশিয়ার সেরা দুই অর্থনৈতিক ও গবেষণা কেন্দ্র সিঙ্গাপুর এবং হংকং তাদের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত রাখতে এই সরকারি বৃত্তির আয়োজন করে। সিঙ্গাপুরের ‘Singapore International Graduate Award’ (SINGA) প্রধানত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা দেয়। অন্যদিকে, হংকংয়ের ‘Hong Kong PhD Fellowship Scheme’ (HKPFS) বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক ও ব্যবসা শিক্ষার গবেষকদের জন্যও সমানভাবে উন্মুক্ত।
ব্যাচেলর ডিগ্রি শেষে সরাসরি এই স্কলারশিপ পেতে প্রার্থীর একাডেমিক ফলাফল অত্যন্ত চমৎকার হতে হয়। ভালো সিজিপিএ (CGPA)-এর পাশাপাশি গবেষণার প্রতি প্রবল আগ্রহ এবং পূর্বের কোনো রিচার্জ পাবলিকেশন থাকলে তা সিলেকশন প্রসেসে বিশাল বাড়তি সুবিধা দেয়। এর পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য টোফেল (TOEFL) বা আইইএলটিএস (IELTS) স্কোর জমা দিতে হয়। কিছু নির্দিষ্ট ল্যাব ও বিভাগের জন্য জিআরই (GRE) স্কোর চাওয়া হতে পারে।
গবেষণার সুবিধার্থে সিঙ্গাপুর গভর্নমেন্ট স্কলারশিপ বিজয়ী গবেষকদের প্রতি মাসে প্রায় ২,৭০০ থেকে ৩,২০০ সিঙ্গাপুরিয়ান ডলার স্টাইপেন্ড হিসেবে প্রদান করা হয়। এর পাশাপাশি প্রাথমিক অবস্থায় সেখানে মানিয়ে নেওয়ার জন্য সেটলিং-ইন অ্যালাউন্স এবং বিমান টিকিট খরচও দেওয়া হয়ে থাকে। হংকংয়ের HKPFS স্কলারশিপেও প্রতি মাসে প্রায় ২৭,৬০০ হংকং ডলার বৃত্তির সাথে বার্ষিক ট্রাভেল অ্যালাউন্স বরাদ্দ থাকে।











