বিদেশে উচ্চশিক্ষার খরচ অর্ধেক কমানোর মাস্টারপ্যান জেনে নিন

বিদেশে উচ্চশিক্ষার খরচ সামলাতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিএ পদে চাকুরি হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান। প্রথম সেমিস্টার শেষ হওয়ার আগেই যদি নিজের বিভাগে টিচিং অ্যাসিস্ট্যান্ট (TA) হিসেবে নিজেকে নিশ্চিত করা যায়, তবে টিউশন ফি অর্ধেকেরও বেশি কমিয়ে আনা সম্ভব হয়। একই সাথে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ উপবৃত্তি পাওয়ার সুযোগ থাকায় পড়ার পাশাপাশি নিজের থাকার খরচ চালানো অনেকটাই সহজ হয়ে যায়। সঠিকভাবে পরিকল্পনা সাজিয়ে প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারলে যে কেউ এই মর্যাদাপূর্ণ পদটি পেতে পারেন।
বিশ্ববিদ্যালয়ে প্রথম পা রাখার পর থেকেই এই পদের জন্য নিজেকে প্রস্তুত করা জরুরি। টিচিং অ্যাসিস্ট্যান্ট নির্বাচনের ক্ষেত্রে প্রফেসররা মূলত ক্লাসে শিক্ষার্থীর পারফরম্যান্স এবং তার পূর্ব অ্যাকাডেমিক ফলাফলের ওপর নজর দেন।
ক্লাসে নিয়মিত উপস্থিতি, আলোচনার সময় যুক্তিসঙ্গত প্রশ্ন করা এবং এসাইনমেন্টে ভালো মার্কস নিশ্চিত করা হলো প্রাথমিক শর্ত। আপনি যে বিষয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন, সেই বিষয়ের মৌলিক বিষয়গুলোতে নিজের দখল পরিষ্কারভাবে জাহির করতে হবে।
কেবল ভালো ফল করলেই পদ নিশ্চিত হয় না, বরং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বারদের নজর কাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোর্সগুলোতে আপনি ভালো এবং যেগুলোতে আপনার আত্মবিশ্বাস বেশি, সেগুলোর কোর্স ইন্সট্রাক্টরদের সাথে অফিশিয়াল আওয়ারে কথা বলুন।
অত্যন্ত পেশাদার উপায়ে নিজের অভিজ্ঞতা ও কেন আপনি ঐ নির্দিষ্ট কোর্সের ল্যাব বা খাতা দেখার কাজে সাহায্য করতে চান, তা ইমেইলে ব্যাখ্যা করুন। অনেক ক্ষেত্রে আগের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রেখে ডিপার্টমেন্টের চাহিদা আগেভাগে জেনে নেওয়াও বুদ্ধিমানের কাজ।
অনেকেই একদম শেষ মুহূর্তে আবেদন জমা দেন বা কেবল টিউশন ফি কমানোর একমাত্র উদ্দেশ্যে এই পদ চান বলে প্রকাশ করে ফেলেন। এই ধরনের নেতিবাচক মানসিকতা প্রফেসরদের কাছে আপনার আবেদন হালকা করে দেয়।











