ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৫ মার্চ সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কেন্দ্রের রূপরেখাঃ
দেশি-বিদেশি শিক্ষক নিয়োগ: ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে পাঠদান পরিচালনা করা হবে।
দক্ষ জনশক্তি তৈরি: বাংলাদেশের বেকার যুবক-যুবতীদের বিভিন্ন দেশের ভাষা শিখিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে।
ভাষা শিক্ষার গুরুত্ব: ইংরেজি ভাষার পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ ও বিভিন্ন কলেজে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ গঠনের কাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশিত এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্দিষ্ট কোনো জেলাভিত্তিক নয়, বরং দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২০০টিরও বেশি কলেজে একযোগে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ইউনিসেফের (UNICEF) কারিগরি সহায়তায় অনলাইন প্ল্যাটফর্ম এবং কলেজগুলোতে সরাসরি ক্লাবের মাধ্যমে এই দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।
বৈঠকে গৃহীত অন্যান্য সিদ্ধান্তসমূহঃ
সহজ শর্তে ঋণ: বিদেশে যাওয়ার জন্য কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এয়ারপোর্টে ফ্রি ওয়াই-ফাই: দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









