নভেম্বর ৯, ২০২৬
#Uncategorized

সৌদি আরবে হাজার হাজার প্রবাসী গ্রেপ্তার !

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৫০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে  । বিবৃতিতে বলা হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে জন্য ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২৬ জন রয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৭০ শতাংশ, ২৮ ইয়েমেনি ও বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে অবৈধ উপায়ে সৌদি ত্যাগের চেষ্টা করায় আরও ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আবাসন ও শ্রমবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত আরও ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি  স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।  ১৪ হাজার ৪৯৫ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। বহিষ্কারের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এছাড়াও ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছেন। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করলেও আইন লঙ্ঘনের মাত্রা কমেনি । মধ্যপ্রাচ্যের এই দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। সারা বিশ্বের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *