জব অফার ছাড়াই জার্মানিতে বসবাসের সুযোগ

জার্মানি যাওয়ার স্বপ্ন দেখা দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানির সুযোগ ভিসা (Chancenkarte) এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। কোনো পূর্বনির্ধারিত চাকরির অফার লেটার ছাড়াই পয়েন্ট ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে জার্মানিতে প্রবেশ করে সরাসরি চাকরি খোঁজার এই সুযোগ দিচ্ছেন বার্লিন সরকার। তবে এই বড় সুবিধার পাশাপাশি আর্থিক ঝুঁকির বিষয়টিকেও কোনোভাবে হালকা করে দেখার উপায় নেই।
জার্মানি তাদের তীব্র দক্ষ শ্রমিকের ঘাটতি মেটাতে এই সুযোগ ভিসা চালু করেছে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম পয়েন্ট অর্জন করতে হয়, যা শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স এবং জার্মান বা ইংরেজি ভাষার দক্ষতার ওপর নির্ভর করে মূল্যায়ন করা হয়।
পয়েন্ট টেবিলে ভালো স্কোর থাকলে ভিসা পাওয়া সহজ হয়। এর ফলে এতদিন যারা দূর থেকে আবেদন করে ইন্টারভিউ বা অফার লেটার পেতেন না, তারা সরাসরি জার্মানিতে অবস্থান করে স্থানীয় চাকরির বাজারে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
জার্মানির সুযোগ ভিসা সুবিধার মুদ্রাটির অপর পিঠ বেশ কঠোর। জার্মানিতে প্রবেশের পর নিজের থাকা-খাওয়ার খরচ চালাতে বাধ্যতামূলকভাবে ব্লকড অ্যাকাউন্টে বড় অঙ্কের ইউরো জমা রাখতে হয়।
যদি ৬ মাস বা ১ বছরের মধ্যে কোনো স্থায়ী চাকরি না মেলে, তবে ব্লকড অ্যাকাউন্টে গচ্ছিত পুরো অর্থ খরচ হয়ে যাবে। মেয়াদ শেষে কোনো বিকল্প না থাকায় শূন্য হাতে দেশে ফিরে আসতে হবে, যা অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের আর্থিক বিপর্যয় ঘটাতে পারে।
জার্মানিতে পা রাখার আগেই স্থানীয় জব মার্কেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে জার্মান ভাষায় ভালো দক্ষতা না থাকলে সেখানে স্থায়ী টেকনিক্যাল বা পেশাদার চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
তাই শুধুমাত্র পয়েন্ট অর্জন করে দেশে যাওয়ার চেয়ে নিজেকে আধুনিক দক্ষতা ও জার্মান ভাষায় পারদর্শী করে গড়ে তোলা উচিত। সঠিক প্রস্তুতি নিয়ে নামলে এই ভিসার মাধ্যমে স্থায়ীভাবে জার্মানিতে ক্যারিয়ার গড়া অনেক সহজ হবে।











