আইবিসি ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্রডকাস্ট ওয়ার্কফ্লো আনছে প্রফুজ ডিজিটাল

ইউরোপের খ্যাতনামা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান প্রফুজ ডিজিটাল প্রদর্শনীতে তাদের ফ্ল্যাগশিপ ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘প্রফুজ ল্যাপিস’ (Profuz LAPIS)-এর নতুন সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে আগামী ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই আয়োজনে ৮.এ৮৮ নম্বর স্টলে মিডিয়া আর্কাইভিং, স্বয়ংক্রিয় রিপোর্ট তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যাডভান্সড সার্চ সক্ষমতার আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি।
বুলগেরিয়ার সোফিয়াভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট জায়ান্ট প্রফুজ ডিজিটাল দীর্ঘদিন ধরে বিশ্বমানের ব্রডকাস্টার ও মিডিয়া হাউসের কার্যক্ষমতা বৃদ্ধিতে কাজ করে আসছে। তাদের তৈরি ল্যাপিস সিস্টেম মূলত সাধারণ মিডিয়া ম্যানেজমেন্টের গণ্ডি পেরিয়ে পুরো ওয়ার্কফ্লোকে স্মার্ট অটোমেশনের আওতায় নিয়ে আসে।
বর্তমানে সম্প্রচার কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি হয়। কিন্তু পুরনো ফাইল থেকে প্রয়োজনীয় দৃশ্য বা তথ্য খুঁজে বের করা অত্যন্ত সময়সাপেক্ষ। আইবিসি প্রদর্শনীতে পেশ করা এই প্ল্যাটফর্মটির মূল সুবিধা হলো এটি নিখুঁতভাবে অডিও, দৃশ্য এবং টেক্সট ফাইল বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে সঠিক কনটেন্ট ব্রডকাস্টারদের সামনে তুলে ধরতে পারে।
নতুন সংস্করণের ল্যাপিস প্ল্যাটফর্ম ডাটা এনালাইসিসের ক্ষেত্রে বহুমুখী প্রযুক্তি একসাথে ব্যবহার করে। মানুষের কণ্ঠস্বর শনাক্তকরণের স্পিচ রিকগনিশন, ভিডিও থেকে ব্যক্তির মুখচ্ছব চেনার ফেস ডিটেকশন এবং কনটেন্ট কপিরাইট সুরক্ষায় সাহায্যকারী কনটেন্ট ফিঙ্গারপ্রিন্টিং ফিচার একই সাথে কাজ করবে।
ফলে লাইভ নিউজ রুম কিংবা আর্কাইভ বিভাগ যেকোনো পুরানো অডিও বা ভিডিও ফুটেজ থেকে দ্রুত কাঙ্ক্ষিত ক্লিপটি উদ্ধার করতে পারবে। এই ধরনের প্রযুক্তি বড় আকারের টেলিভিশন নেটওয়ার্ক ও প্রোডাকশন হাউসের শ্রম ও কাজের চাপ অনেকাংশে কমাবে।
ভিডিও কনটেন্টের স্থানীয়করণ বা লোকালাইজেশন বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রফুজ ডিজিটালের সাবটাইটেলনেক্সট (SubtitleNEXT) সফটওয়্যারের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন ট্রান্সক্রিপশন যুক্ত হওয়ায় যেকোনো ভাষার ভিডিওর সাবটাইটেল তৈরি করা এখন কয়েক মিনিটের ব্যাপার।
প্রফুজ ডিজিটাল এই আসরে এই ইন্টিগ্রেশন ব্যবস্থার কার্যকারিতা সরাসরি দর্শকদের সামনে তুলে ধরবে। এটি মিডিয়া হাউসগুলোর কন্টেন্ট অনুবাদ এবং আন্তর্জাতিক দর্শকদের জন্য উপস্থাপন প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করবে।
বিশ্বজুড়ে ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি এখন ক্লাউড প্রসেসিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধার ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠছে। গতানুগতিক কায়দায় ম্যানুয়ালি ফাইল সার্চ বা ভিডিও প্রসেসিং করার দিন শেষ হয়ে আসছে।
আমস্টারডামের এই প্রদর্শনীতে প্রফুজ ডিজিটালের হাজির করা নতুন সমাধানগুলো মিডিয়া ব্যবস্থাপনাকে আরও বেশি স্বয়ংক্রিয়, সময় সাশ্রয়ী এবং অর্থনৈতিকভাবে লাভজনক করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।











